ক্যাসিনো সম্রাট তারেক রহমান: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্যাসিনো সম্রাট হিসেবে আখ্যায়িত করে বলেছেন, আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি—লন্ডনে তারেক রহমান যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, সেখানে ক্যাসিনো থেকেও আয় দেখানো হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একজন ক্যাসিনো সম্রাটকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে ক্যাসিনো অভিযান নিয়ে কটাক্ষ করা সাজে না। তিনি বলেন, আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশকারী ঢুকেছে। আবার অনেকের নৈতিক স্খলনও হয়েছে। এ কারণে দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এতে সব দল প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেও বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। বরং তারা এর সমালোচনা করছে। তথ্যমন্ত্রী বলেন, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা ও মোসাদ্দেক আলী ফালুদের আশপাশে রেখে ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নিয়ে কটাক্ষ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মদ-জুয়া বন্ধ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী সময়ে জিয়াউর রহমান এসে এগুলো চালু করেন। বিএনপির হাত ধরেই বাংলাদেশে ক্যাসিনো সংস্কৃতি চালু হয়েছে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।