এস এ পরিবহনের কাকরাইলের শাখায় দুটি লাগেজ থেকে প্রায় ৪৬ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় রুপি জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে এগুলো আটক করা হয়। এ সময় লাগেজের দুই গ্রহীতাকেও গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান জানান, দুবাই থেকে বাংলাদেশে আসা লাগেজের রুপিসহ তিন জনকে আটক করা হয়েছে।
এক বার্তায় ডিএমপি জানায়, এই দুটি লাগেজ একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেট আসে। সেখান থেকে লাগেজ দুটি এস এ পরিবহনে ঢাকায় পাঠানো হয়। পরে দুই জন লাগেজটি নিতে এলে সিএনজি চালকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন হাসান, ইয়াকুব এবং সিএনজিচালক বেলাল। লাগেজ ও রুপির বিষয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সিলেট থেকে আহাদ নামে এক ব্যক্তি টাকার লাগেজগুলো ঢাকায় পাঠান। তার বিস্তারিত পরিচয় ও টাকা পাঠানোর উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।