পাকিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪ শতাধিক মানুষ। ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানশাসিত কাশ্মীরের মিরপুর শহরের কাছে। ভূমিকম্পটি ৮ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল। ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোট, মুলতানসহ আরো বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বড়ো অংশে তীব্র কম্পন অনুভূত হয়।
ডনের খবরে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজ চলছে। যেসব গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতের কাজও শুরু হয়ে গেছে। মিরপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তায়িব জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে ২০০৫ সালে একই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৮০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।