সরকার মাফিয়াদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে তুলেছে: জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, গত কয়েকদিনে পুলিশি অভিযানে প্রমাণ হয়েছে- রাষ্ট্রীয় সুবিধাভোগী গোষ্ঠী রাষ্ট্রীয় আনুকূল্যে আইন-সংবিধান সবকিছু উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে সম্পদের বিপুল বিস্তার ঘটিয়েছে। এতেই রাষ্ট্রের ভয়াবহ পচন প্রকাশ পেয়েছে। শুধু রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত ও দীর্ঘস্থায়ী করার জন্য সরকার দলীয় স্বার্থে এসব মাফিয়াদের আশ্রয় প্রশ্রয় দিয়ে দৈত্য হিসেবে গড়ে উঠার সুযোগ করে দিয়েছে। গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে তারা এসব কথা বলেন।

জেএসডি নেতৃদ্বয় বলেন, আইনের শাসন উপেক্ষা করে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণের কৌশলে বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং এ দায় সরকারকে বহন করতে হবে। বিদ্যমান অবস্থা চলতে থাকলে মুক্তিযুদ্ধের রাষ্ট্র মাফিয়াদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। রব-রতন আরো বলেন, পুলিশি অভিযানের নামে আইওয়াশ করে এ গভীর সংকট নিরসন হবে না বা রাষ্ট্রের ক্ষত মুছে যাবে না।