‘বিকল্প নোবেল’ পেলেন গ্রেটা থানবার্গ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ করে আলোচিত সুইডেনের ১৬ বছর বয়সি শিক্ষার্থী গ্রেটা থানবার্গ ২০১৯ সালের ‘বিকল্প নোবেল’ জিতেছেন। তার সঙ্গে আরো তিনজন এবার এই অ্যাওয়ার্ড পাচ্ছেন। তারা হলেন- আফ্রিকার আমিনাতু হায়দার, চীনের আইনজীবী গুয় জিয়েনমেই এবং আমাজনের বন রক্ষায় কাজ করা কোপেনাভা ও তার সংগঠন হুটুকারা ইয়ানোমামি এসোসিয়েশন।

সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে দেওয়া এক ভাষণে গ্রেটা থানবার্গ বলেছেন, আমরা বিশাল মাত্রায় বিলুপ্তির পথে চলতে শুরু করেছি। আর আপনারা শুধু টাকাপয়সা আর অনন্তকাল ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির রূপকথার কাহিনি শুনিয়ে চলেছেন। কী সাহস আপনাদের! বর্তমান সময়ের অতি জরুরি সমস্যার বাস্তবসম্মত উপায় বের করায় যারা অবদান রাখেন তাদের সম্মানিত করতে ১৯৮০ সাল থেকে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। এটি ‘বিকল্প নোবেল’ নামেও পরিচিত পেয়েছে। জার্মান-সুইডিশ লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদ কার্ল ভোলমার ইয়াকব ফন উক্সক্যুল এই অ্যাওয়ার্ড চালু করেন। ১৯৯১ সালে জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র এবং ২০০৭ সালে গ্রামীণ শক্তি ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ পেয়েছে। -ডয়চেভেলে