মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক লোকমান আটক

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভুঁইয়াকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-২-এর একটি টিম রাজধানীর মণিপুরি পাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-২-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

র্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সন্ধ্যার পর থেকে বাসাটি নজরদারিতে ছিল। রাত সাড়ে ১১টার দিকে র্যাব তার বাসায় প্রবেশ করে। পরে তাকে ক্যাসিনোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-২-এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রতিবেশীরা জানিয়েছে, র্যাব সদস্যরা ঐ বাসায় অভিযান চালিয়ে একদফা তল্লাশি করে। পরে তাকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, লোকমান হোসেন ভুঁইয়া এক সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। খালেদা জিয়ার নিরাপত্তা দেখভাল করার   সময়ই বিএনপির শীর্ষস্থানীয় অনেক নেতার সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এলে ব্রাদার্স ইউনিয়নের সংগঠক হিসেবে আবির্ভাব ঘটে লোকমান হোসেনের। এরপর মোহামেডানে প্রবেশ করেন লোকমান হোসেন। পরবর্তীকালে বিএনপির সময়েই লোকমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হন।