সিরাজদিখানে অটোরিকশা চালক নজরুল ইসলামের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাইকারী ও খুনের প্রধান আসামি নুর আলী (১৮) ও জাহিদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার নুর আলীর তথ্যমতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া মোল্লাবাড়ির পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। অটোরিকশাটি উদ্ধার করা হয় সিরাজদিখান বাজার সংলগ্ন সরদারপাড়া সিরাজের গ্যারেজ থেকে।
মৃত নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আসামি নুর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে ও জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নজরুলের স্বজনরা জানায়, বুধবার বিকালে নজরুল তার মাকে বলে, 'আমি গোসল করতে যাচ্ছি, আমার মোবাইলে একটা ফোন আসবে যার শেষ সংখ্যা দুটি ১৯।' এরপর বিকেলে নজরুল বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে স্বজনরা। পরে মোবাইলের শেষ সংখ্যা ১৯ নং খোঁজ নিয়ে জানতে পারে এটা নুর আলীর মোবাইল নাম্বার। এলাকায় সে চোর হিসেবে পরিচিত।
রাত ১২টার পর নুর আলীর বাড়িতে গিয়ে না পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নয়াগাঁও বাজার এলাকায় এসে নজরুলের স্বজনরা নুর আলীকে সন্দেহজনকভাবে আটক করে। সবাই জেনে গেছে ভেবে নুর আলী অকপটে খুনের কথা স্বীকার করে। তখন এলাকাবাসী নুর আলীকে সিরাজদিখান থানা পুলিশের কাছে সোর্পদ করে। এরপর পুলিশ আসামির তথ্যানুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করে।
আরও পড়ুন: রামগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর
সিনিয়র পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, আসামির দেওয়া তথ্যানুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার হয়েছে। দুইজন আটক আছে। তাদের সঙ্গে নারায়নগঞ্জ জেলার গাড়ি ছিনতাইকারী দলের আরও সদস্য রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু