লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে জমির মিয়ার ছেলের বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ৯টি বসতঘর। রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকাল ৮টায় একই বাড়ির দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দিনমুজুর বাহার মিয়া জানান, সকাল ৭টায় হঠাৎ তার ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন লেগে যায়। আগুনে দিনমজুর বাবুল মিয়ার নগদ ১লাখ টাকাসহ তার ঘর, কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিকশাচালক রাছেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘরসহ ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন ও রামগঞ্জ ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যে ৯টি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
আরও পড়ুন: মধুখালীতে ৯টি দোকান আগুনে পুড়ে ৩ কোটি টাকার ক্ষতি
রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোতালেব জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
ইত্তেফাক/নূহু

