শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯

আগামী ১০ অক্টোবর, ২০১৯ ইং তারিখ থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট কম্পিউটার সিটি সেন্টারে বড়ো পরিসরে শুরু হতে যাচ্ছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯।

১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তর আইটি পণ্যের শপিং মল হিসেবে ইতিমধ্যেই পরিচিত ও জনপ্রিয় কম্পিউটার সিটি সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ১ম থেকে ১৪ম তলা পর্যন্ত ২ লাখ ২৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৬৫০টির অধিক প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি শিল্পের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য ও কলাকৌশল এ মেলায় প্রদর্শন করবে। এবার মেলার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বিশ্বখ্যাত কয়েকটি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান।

দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিয়ে, বহু প্রত্যাশিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে।

প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ আয়োজন হিসেবে থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আইসিটি কুইজ, ফ্রি গেমিং ও ইন্টারনেট ব্রাউজিং, অনলাইন ফ্রি টিকেট বুকিং প্রভৃতি সুবিধা। এ জন্য মেলার প্রবেশদারসহ রাজধানীর পুরো এলিফ্যান্ট রোডকে বর্ণাঢ্যভাবে সাজানো হবে।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—মোস্তফা জব্বার, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-১০, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,  ড. জামিলুর রেজা চৌধুরী, শিক্ষাবিদ ও উপাচার্য, ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক,  শেখ ফজলে ফাহিম, সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,  মো. হেলাল উদ্দিন,  চেয়ারম্যান, বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এবারের মেলার আয়োজন সম্পর্কে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯-এর আহ্বায়ক ও কম্পিউটার সিটি সেন্টারের সভাপতি তৌফিক এহেসান বলেন, এবারের আইসিটি মেলাকে বৃহত্ আকারে করা হচ্ছে। পুরো শপিং মল জুড়ে চলবে প্রযুক্তি পণ্যের বেচাকেনা ও নতুন প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। মেলায় থাকবে নানা ছাড় উপহার। তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব মানুষের হাতে ডিজিটাল পণ্য তুলে দেওয়ার প্রয়াসে এবারের আয়োজন হবে আরো জমজমাট। আশা করছি, এবার হাজার হাজার মানুষ মেলায় আসবেন। তাদের নিরাপত্তাসহ নির্বিঘ্নে মেলার আয়োজনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।