পাখির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল। তার উদ্যোগে ‘পাখি বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’-এর সহযোগিতায় উপজেলা জুড়ে চলছে পাখির নিরাপদ আবাসন তৈরির কাজ। উপজেলার বিভিন্ন স্থানে গাছের ডালে মাটির হাঁড়ি বেঁধে পাখির বাসা নির্মাণ করে দেওয়ার এই উদ্যোগটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে মোট ৩২ দিনে প্রায় ৭ হাজার পাখির নিরাপদ আবাসন স্থাপন কার্যক্রম সম্পন্ন করেছেন তারা। পর্যায়ক্রমে উপজেলার বাকি আরো আটটি ইউনিয়নেই এ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।