রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির ঘটনায় হল প্রাধ্যক্ষের পদত্যাগ ও অভিযুক্তের দ্রুত বিচারের দাবিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে অবস্থান নেন ওই বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা প্রাধ্যক্ষ পদ থেকে অধ্যাপক বীথিকা বণিকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সেখান থেকে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান শিক্ষার্থীদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা আগামী রবিবারের মধ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এর আগে গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার যোজক টাওয়ারের তৃতীয় তলায় ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ও সংস্কৃত বিভাগের অধ্যাপক বীথিকা বণিকের বাসায় তার ভাই শ্যামল বণিক ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই ছাত্রী প্রাধ্যক্ষ বীথিকা বণিকের সন্তানকে পড়াতেন। এই ঘটনায় শ্যামল বণিককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় গত বুধবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় মতিহার থানা পুলিশ।