গাংনীতে খাল থেকে লাশ উদ্ধার

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক গাংনী পৌর শহরের অদূরে চোখতোলা মাঠের মহেশপুর খাল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার সময়  মহেশপুর-কাষ্টদহ সড়কের খালে পানি সেচে মাছ ধরার সময় একটি গলিত লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পানিতে ভাসমান গলিত লাশটি উদ্ধার করে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গলিত লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী ও পুলিশের ধারণা, ১০/১৫ দিন আগে এই মধ্যবয়সী ছেলেটিকে  হত্যা করে এখানে কচুরিপানার নিচে ফেলে রাখতে পারে। লাশের মুখমণ্ডল দেখে সনাক্ত করা সম্ভব হচ্ছে না।

গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার পিপিএম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় রাখি। ধারণা করা হচ্ছে, কোনো এলাকা থেকে অপহরণ বা মুক্তিপণের দাবিতে তুলে এনে এখানে হত্যা করে লাশ কচুরিপানার নিচে রাখতে পারে। আমরা উদ্ধারকালীন সময় পর্যন্ত লাশ সনাক্ত করতে পারিনি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যেই অনুসন্ধানে নেমেছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।