বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে আওয়ামী লীগের সরকারের সময় যত উন্নতি হয়েছে অন্য কোনো দলের সরকারের সময় তা হয়নি। এই সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ আমরা জানি দেশের উন্নয়নে শিক্ষার অগ্রগতির কোনো বিকল্প নেই। তাই শিক্ষার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কালাই উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেনের সভাপতিত্বে মতবিনিময়ে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম জন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।