কাতারের আগে ভুটান নিয়ে ভাবছেন জেমি ডে

কাতারে বিপক্ষে ম্যাচ খেলার আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিতে চায়। ভুটানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ দুপুরে ঢাকায় নামবে ভুটান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে রবিবার প্রথম প্রীতি ম্যাচ এবং ৩ অক্টোবর দ্বিতীয় এবং শেষ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভুটান।

গতকাল বিকালে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন হবে। কিন্তু বৃষ্টি ভেজা মাঠ এবং সেখানে অনূর্ধ্ব-১৮ ফুটবল সেমিফাইনাল থাকায় অনুশীলন হয়েছে বাফুফের টার্ফে। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে ২৪ ফুটবলার হাতে পেয়েছেন। দলে ডাক পাওয়া ফুটবলার মাসুক মিয়া জনি আফগানিস্তানের বিপক্ষে খেলতে তাজিকিস্তান গিয়ে চোট পেয়েছিলেন। বড়ো ধরনের সেই চোট বিছানায় ফেলে দিয়েছে জনিকে। পায়ের যে ধরনে সমস্যা হয়েছে তাতে জানা গেছে আগামী কয়েক মাস এই ফুটবলার মাঠে ফিরতে পারবেন না। জাতীয় দলে ডাক পেয়ে নিজেই বর্তমান পরিস্থিতির কথা বাফুফেতে যোগাযোগ করে জানিয়েছেন। আরেক ফুটবলার ইয়াসিন আরাফাত সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে খেলতে নেপালে রয়েছেন।

গতকাল জেমি ডে আবাহনীর ডিফেন্ডার, উইংব্যাক রায়হান হাসানকে ক্যাম্পে আমন্ত্রণ জানিয়েছেন। রায়হান ছিলেন নিজের বাড়ি টাঙ্গাইলে। সন্ধ্যায় তাকে খবর পাঠানো হয়। রাতেই ক্যাম্পে যোগ দেয়ার কথা। মিডফিল্ডার জনির বদলে ডিফেন্ডার রায়হানকে দলে ডাকা নিয়ে কোচ জেমি ডে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জনির কাজ রায়হানকে দিয়েও আদায় করতে পারবেন। 

এবারের ফুটবল ক্যাম্পে আবারও ডাক পেয়েছেন বসুন্ধরার স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ। নতুন মুখ মোহামেডানের গোলকিপার পাপ্পু।

 প্রথম দিনের অনুশীলনে কোচ জেমি তার খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। টেকনিক নিয়ে কাজ করছেন। আগামী শনিবার পর্যন্ত টেকনিক নিয়ে কাজ করতে চান তিনি।

আফগানিস্তানের বিপক্ষে সেটপিসে গোল হজম করে ম্যাচ হেরেছিল গত ১০ সেপ্টেম্বর। সেটপিসের গোল খুব সহজেই আদায় করে ছিল আফগানরা সেটাও বলা যাবে না। সেটপিসের গোল হজম নিয়ে সমালোচনা শুনতে হয়েছে জামাল ভূঁইয়াদের। জেমি ডে তার খেলোয়াড়দের সেটপিস নিয়ে কাজ করছেন বলে জানান তিনি। দূর থেকে গোলপোস্টে নেয়ার অভ্যাসটাও গড়ে নিতে চান জেমি। গোলকিপারদের নিয়েও আলাদা আলাদা কাজ করছেন কোচ। 

আগামী ১০ অক্টোবর ঢাকায় কাতার এবং ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ। কাতার বিশ্বকাপ ফুটবল এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের রাউন্ড টু পর্বের খেলায় বাংলাদেশ ফুটবল দল আফগানিস্তানের কাছে হেরেছে। এখন ঘরের মাঠে কাতারের বিপক্ষে লড়াই। চার দিনের ব্যবধানে ভারতের বিপক্ষে ম্যাচ। কঠিন লড়াই দুটির জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি নিতে ভুটানকে ঢাকায় আনা হচ্ছে। কাতার এবং ভারত ফিফার র্যাংকিংয়ে অনেক উপরে। কোচ জেমি ডে কাতার কিংবা ভারত নিয়ে ভাবছেন না। তার চোখে এখন ভুটান নিয়ে চিন্তা। এই কোচ জানিয়েছেন এখন যদি দুইটা ম্যাচ জেতা যায় তাহলে খেলোয়াড়রা মানসিকভাবে চাঙ্গা থাকবে।