দুই ব্রাজিলীয়র নৈপুণ্য শীর্ষে উঠে এলো রিয়াল

দুই ব্রাজিলিয়ান কিশোর ভিনিসিয়াস ও রড্রিগোর গোলে রিয়াল মাদ্রিদ ২-০ গোলে হারাল ওসাসুনাকে। গত বুধবার রাতে বার্নাব্যুতে পাওয়া এ জয়ে শীর্ষে উঠে চাপ কাটানোর পাশাাপাশি লা লিগাতেও অপরাজিত থাকলো কোচ জিনেদিন জিদানের দল।

ভিনিসিয়াস প্রথমার্ধেই দুর্দান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন। অপরদিকে বদলি হিসেবে মাঠে নেমে রড্রিগো নিজের অভিষেককে স্মরণীয় করে তুললেন দ্বিতীয়ার্ধে দেওয়া গোলটির সুবাদে।

 গোলরক্ষক আলফোনসে এ্যারিওলাও এদিন রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নেমে নজর কাড়েন। এদের সবার নৈপুণ্যে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে আগামীকাল শনিবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর বিরুদ্ধে প্রস্তুতি নিলো রিয়াল।

 কোচ জিদান গেল রবিবার সেভিয়ার মাঠে জেতা দলটিতে আটটি পরিবর্তন আনেন। আগের একাদশের খেলোয়াড়দের মধ্যে সার্জিও রামোস, টনি ক্রুস ও ক্যাসেমিরো কেবল জায়গা ধরে রাখতে সক্ষম হন। মূলত নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পরবর্তী খেলা বলেই এই ব্যবস্থা নেন জিদান।

ওসাসুনা শুরুতে কিছুটা চড়াও হয়ে খেলছিল। কিন্তু প্রথম সুযোগ পায় রিয়ালই। তবে সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি জোভিচ। ভিনিসিয়াস অবশ্য ক্রুসের কাছ থেকে ৩৬তম মিনিটে বল পেয়ে সুযোগ নষ্ট করেননি। তার ডান পায়ের বাঁকানো শটটি ওসাসুনার এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে যায়। এবারের লিগে এটাই তার প্রথম গোল।

 জোভিচ দ্বিতীয়ার্ধের শুরুতেও আরেকটা সুযোগ নষ্ট করেন। এরপর গোল করলেও তা বাতিল হয়ে যায়। লুকাস ভাজকোয়েজের পাসে বল পেয়ে জালে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি জানান দেয় সার্বিয়া জাতীয় দলের এই খেলোয়াড় অফসাইড ছিলেন।

অবশেষে ৭২তম মিনিটে মাঠে নেমেই গোল করেন রড্রিগো। সঙ্গত কারণেই খুশি কোচ জিদান। তিনি বলেন, ‘ভিনিচিয়াস ও রড্রিগোর গোলে আমি আনন্দিত। আপনারাও দেখেছেন বার্নাব্যুতে গোল করতে পেরে তারাও কতটা শিহরিত হয়েছে।’ দল প্রসঙ্গে এই ফরাসি জানান যে তারা প্রতিদিনই উন্নতি করছেন। এছাড়াও দলের ওপর তার আস্থা আছে।

রিয়াল এ নিয়ে চারটি জয় ও দুই ড্রয়ের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। কোচ দিয়েগো সিমিওনির দলটি এ দফায় মায়োর্কাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়  স্থানে উঠে আসে। সমান ছয় খেলা শেষে তাদের অর্জন ১৩ পয়েন্ট। একই পরিমাণ খেলা শেষে লিওনেল মেসির বার্সেলোনা ১০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।