খুলনা অফিস
জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে খুলনায় খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সোমবার খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে নগরীর হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর, তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, কর আপিল অঞ্চল-খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, মোংলা কাস্টম হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, ডেপুটি পুলিশ কমিশনার সাইফুল হক এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোস্তফা জেসান ভুট্ট।
এ সময় ২০১৭-১৮ অর্থবছরে উত্পাদন, সেবা ও ব্যবসা এই তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উত্পাদনে খুলনার মেসার্স এস বি ফুড প্রোডাক্টস, মোল্লাহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, সাতক্ষীরার রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ এবং মনিকা কেমিক্যাল কনেশন শরীয়তপুর। সেবায় খুলনার ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি, মোংলার হোটেল পশুর এবং মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরা। ব্যবসা পর্যায়ে খুলনা মহানগরীর দৌলতপুরের সেফ এন সেইভ, বাগেরহাট ওয়ালটন প্লাজা ও পলাশপোল ওয়ালটন প্লাজা, সাতক্ষীরা।