অস্ট্রেলিয়ায় বৈধ হলো গর্ভপাত

অস্ট্রেলিয়ায় গর্ভপাত এখন আর অপরাধ নয়। শেষ রাজ্য হিসেবে নিউ সাউথ ওয়েলসেও গর্ভপাতকে বৈধ হিসেবে স্বীকৃতি দিতে আইনের সংস্কারের পক্ষে ভোট দিয়ে তাদের সমর্থন জানিয়েছে এমপিরা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল পাশ করার মাধ্যমে দেশটির ১১৯ বছরের পুরোনো আইনটির অবসান ঘটল। বিরোধীরা এই আইনকে আদিম বলে সমালোচনা করে আসছিল দীর্ঘদিন ধরে। প্রাদেশিক পরিষদে গত এক সপ্তাহের বিতর্ক শেষে ক্ষমতাসীন রক্ষণশীল সরকারের দ্বিধাবিভক্তির মধ্য দিয়ে বিলটি পাশ হয়।

এতদিন ধরে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ ছিল রাজ্যটিতে। তবে বিশেষ ক্ষেত্রে তার অনুমোদন ছিল। যদি কোনো চিকিত্সক দেখেন গর্ভপাত না করালে একজন নারী মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন তখন সেই নারী গর্ভপাতের অনুমতি পেতেন। প্রাদেশিক পরিষদে ২৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে এবং ১৪ জন আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। অবশ্য বিলটি সংসদে উত্থাপন করার পর এক সপ্তাহ বিতর্কের মধ্য দিয়ে প্রস্তাবিত বিলটিতে শতাধিক সংশোধন আনা হয়। ইতিমধ্যে উচ্চকক্ষ বিলটির অনুমোদন দিয়েছে।

সংসদে পাশ হওয়া আইন অনুযায়ী, গর্ভধারণের ২২ সপ্তাহ পর্যন্ত একজন নারী তার গর্ভপাত করানোর অনুমতি পাবেন। আর যদি এর চেয়ে বেশি সময় পর কারো গর্ভপাতের প্রয়োজন হয় তাহলে অন্তত দুজন চিকিত্সককে তাতে সম্মতি দিতে হবে। তবে আইনটি সংস্কারের বিপক্ষে শক্ত অবস্থান নেন কিছু এমপি এবং অধিকারকর্মী। তারা তাদের ব্যক্তিগত বিশ্বাসের কারণে এবং দেরিতে গর্ভপাতের বিষয়ে আপত্তি তোলেন। তবে শেষ সময়ে এসে কিছু রক্ষণশীল এমপি আইন সংশোধনের পক্ষে অবস্থান নেন।