ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ মালুকুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে অনুভূত এ ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬ দশমিক ৮ মাত্রার বলে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু এর মাত্রা ৬ দশমিক ৫ ছিল বলে পরে জানিয়েছে দেশটির জিওফিজিক্স এজেন্সি।
ভূমিকম্পটির উত্পত্তি প্রাদেশিক রাজধানী আমবোন থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বলে দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন। এ ভূমিকম্পে সুনামির সম্ভাবনা নাকচ করেছে জিওফিজিক্স এজেন্সি। ভূমিকম্পের সময় আমবোনের ঘুমন্ত বাসিন্দারা জেগে ওঠে। আতঙ্কিত অবস্থায় বাইরে বের হয়ে সুনামির শঙ্কায় তারা পাহাড়ের দিকে ছুটে যায়। আমবোনের দুর্যোগ সংস্থার কর্মকর্তা আলবার্ট সিমায়েলা জানিয়েছেন, সুনামির ভয়ে শহরের প্রায় সব বাসিন্দা পাহাড়ের দিকে ছুটেছেন বলেও জানিয়েছেন তিনি। সিমায়েলা আরো জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অধিকাংশের মৃত্যু হয়েছে।
গত বছর মালুকুর পশ্চিমে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে পালু শহর বিধ্বস্ত হয়। ভূমিকম্পের পর শহরটিতে সুনামি আঘাত হানে। এতে চার হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়। এর আগে ২০০৪ সালে সুমাত্রা দ্বীপের উপকূলে সাগরের তলদেশে সংঘটিত এক ভূমিকম্পে পর সৃষ্ট সুনামিতে ভারত মহাসাগরের উপকূলজুড়ে ১৪টি দেশের দুই লাখ ২৬ হাজার লোক নিহত হয়েছিল, তাদের মধ্যে এক লাখ ২০ হাজার জন ছিল ইন্দোনেশিয়ার।