নাচ গান নাটকে মুখর জাতীয় শিশু-কিশোর উত্সব

শিল্পকলা একাডেমিতে চলমান শিশু-কিশোর সাংস্কৃতিক উত্সবের গতকাল বৃহস্পতিবার ছিল সপ্তম দিন। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে স্পন্দন শিশু নাট্যদল নীলফামারীর নাটক আমাদেরও আছে অধিকার, শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল সুনামগঞ্জের নাটক খ্যাতির বিড়ম্বনা, সুন্দরম হবিগঞ্জের নাটক তোতা কাহিনী, বরিশাল শিশু থিয়েটারের নাটক ওয়ার কিংডম এবং প্রতীক লিটল থিয়েটার হবিগঞ্জের নাটক পূজার সাঁজ মঞ্চস্থ হয়।

একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকালে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজার পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয় ও ৭ই মার্চের ভাষণ এবং কৃষ্টি হেফাজের নাট্যরূপ ও লিয়াকত আলী লাকীর নির্দেশনায় পিপলস লিটল থিয়েটার ঢাকার নাটক একটি শীতের রাত্রি ও একতা নাট্যগোষ্ঠী কিশোরগঞ্জের নাটক তদন্ত মঞ্চস্থ হয়।

একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকাল থেকে রাত অবধি বরেণ্যশিল্পী মুস্তফা মনোয়ারের রচনা ও নির্দেশনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার ঢাকা পরিবেশন করবে ষাঁড় ও কপি, গিট্টু, বিদ্যালয় নাট্যদলি (বিনাদ) গাইবান্ধার নাটক সবার জন্য এক পৃথিবী, জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল বান্দরবান এর নাটক নারী, পাতাবাহার সাংস্কৃতিক সংস্থা শেরপুরের নাটক অবাক জলপান, শিল্প সাহিত্য সংসদ সৈয়দপুর নীলফামারীর নাটক মোটরসাইকেল এক্সিডেন্ট এবং কাব্য বিলাস নাট্যগোষ্ঠী ঢাকার নাটক কপাল মঞ্চস্থ হয়।

এদিকে, একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল থেকে রাত পর্যন্ত একক সংগীত, সমবেত সংগীত ও সমবেত নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজারের শিশুশিল্পীরা।