ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে নতুন ডিএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাত্

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, পুলিশ সদস্যদের কারো বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে কারো সম্পৃক্ততা পাওয়া গেলে বিভাগীয় যেসব ব্যবস্থা আছে—তাদের বিরুদ্ধে আমরা তা নেব। গতকাল দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার এ কথা বলেন।

মতবিনিময় সভার শুরুতে নতুন ডিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এরপর পরিচয় পর্ব শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্র্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবুল খায়ের এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মনিরুল ইসলাম। এ সময় ক্র্যাবের সহসভাপতি মিজান মালিক, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ইমরান হোসেন সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি এম তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রাজী, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য মাসুদ আলম, শাহীন আবদুল বারী ও সাইফ বাবলু এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএমপি ও ক্র্যাবের সদস্যদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, যত দিন যাচ্ছে পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক আরো ভালো হচ্ছে। আমরা সম্মানিত মহানগরবাসীর জন্য ভালো কিছু করতে চাই। আপনারা আমাদের ভালো কাজ দেখলে প্রশংসা করবেন আর আমাদের কাজ করতে গিয়ে কোথাও কোনো ভুলত্রুটি হলে তার গঠনমূলক সমালোচনা করার আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।