কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সরকারের দেওয়া বিদ্যমান সুযোগ গ্রহণ করে এখানে উত্তর আমেরিকার অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার জাতিসংঘের সদরদপ্তরে কানাডা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এফবিসিসিআই সভাপতি টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই) এবং বিহেভিয়ারাল ইকনোমিকস ইন অ্যাকশন রোটম্যান (বিইএআর), টরেন্টোর ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড ডেভলপমেন্ট সেনেকা কলেজ এবং এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এফবিসিসিআই ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা ভিত্তিতে একযোগে কাজ করার প্রস্তাব দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি মুনতাকিম আশরাফ, হাসিনা নেওয়াজ ও সিদ্দিকুর রহমান প্রমুখ।