নিজেদের আয়ে কোটিপতি শিশুদের গল্প

বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে প্রতি বছরই একটি তালিকা হয়। এই তালিকায় স্থান পাওয়া ব্যক্তিদের আয়ের উত্স, সামাজিক কার্যক্রম অনেক বিষয় নিয়েই আলোচনা হয়। বড়োদের মতো বিশ্বে অনেক কোটিপতি শিশু রয়েছে। মজার বিষয়, এসব কোটিপতি শিশু সম্পূর্ণ নিজেদের আয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে।

বিশ্বের এসব ধনী শিশুর আয়ের প্রধান উত্সই হচ্ছে অনলাইন। ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের তারকা বনে যাওয়া শিশুদের আয়ের উত্সগুলো হলো বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের সহযোগিতা থেকে পাওয়া অর্থ, মানুষের সামনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়া এবং স্পনসর পোস্ট। কোটিপতি শিশুদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তাষ্ট্রে বসবাসকারী রায়ান কাজী। সাত বছর বয়সি রায়ান কাজীর উপার্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭১ লাখ পাউন্ড। ইউটিউবে বিভিন্ন ধরনের উপহারের বাক্স খুলে খেলনা বের করে সেগুলো সম্পর্কে দর্শকদের তথ্য দেয় রায়ান। এসব খেলনা পর্যালোচনা করে রিভিউ দেয় রায়ান। ইউটিউব থেকে ঘণ্টায় অন্তত ২ হাজার ডলার উপার্জন করে রায়ান কাজী।

দ্বিতীয় অবস্থানে রয়েছে কাইল গিয়ার্সডর্ফ। ১৬ বছর বয়সি কাইল ফোর্টনাইট বিশ্বকাপ জয় করেছে। এর মাধ্যমে সে পুরস্কার হিসেবে অর্জন করেছে ২৬ লাখ পাউন্ড। বর্তমানে গিয়ার্সডর্ফের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা প্রায় ১৪ লাখ। বিপুল পরিমাণ ফলোয়ারের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিয়মিত আয় করে গিয়ার্সডর্ফ।  এভারলেয় রোজ সুটাসের বয়স মাত্র ছয় বছর। তবে এরই মধ্যে তার অর্জিত সম্পদের পরিমাণ ১৮ লাখ পাউন্ড।  পরিবারের অন্যদের হাত ধরে ইউটিউবারের খাতায় নাম লেখায় এভারলেয়। তার মা সাভানাহ সুটাস এবং বাবা কোল ল্যাব্রান্টের আলাদা একটি ইউটিউব চ্যানেল রয়েছে। বাবা-মাকে দেখে এভারলেয় নিজেও খুলেছে একটি ইউটিউব চ্যানেল। সে মূলত বিভিন্ন পণ্যের বাক্স খুলে সেটা যাচাই-বাছাইয়ের ভিডিও ইউটিউবে প্রকাশ করে। তার আনবক্সিং ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। হাতে তৈরি বিভিন্ন জিনিস বানানো বা ক্রাফট চ্যালেঞ্জের পাশাপাশি এখন মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে এভারলেয়।

এলেন ডিজিনিয়ার্স শোতে চাচাতো বোন রোজির সঙ্গে মেগান ট্রেইনরের সুপারব্যাস গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করে সোফিয়া গ্রেস ব্রাউনলি। এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আট বছর ধরে বেশ সফলতার সঙ্গে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছে সোফিয়া। তার সম্পদের পরিমাণ ১৪ লাখ পাউন্ড এবং তার সাবস্ক্রাইবার-সংখ্যা প্রায় ৩০ লাখ।

ধনী শিশুদের শীর্ষ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যমজ শিশু মিলা ও এমা স্টফার। তাদের দুই জনের সম্পদের পরিমাণ ৯ লাখ ৬০ হাজার পাউন্ড। মায়ের ইনস্টগ্রামে তাদের একটি ভিডিও পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি তারকা বনে যান এই দুই বোন। এর পর থেকে এখন তারা বিভিন্ন ব্রান্ডের সঙ্গে কাজ করে যাচ্ছে। নিজেদের ভিডিওতে তারা মূলত বড়ো হয়ে কী হতে চান সে সম্পর্কে কথা বলে।

সেরা দশে অন্য বিজয়ীদের মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম তারকা তেয়াতুম ও ওকলে ফিশার, গেমিং ইনফ্লুয়েন্সার কাইলি জ্যাকসন, ইনস্টা তারকা আভা মেরি এবং লেয় রোজ, ইউটিউবার গ্যাভিন ম্যাগনাস এবং ফোর্টনাইট তারকা বেঞ্জি ডেভিড ফিশ।—বিবিসি