চলে গেলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট জ্যাক শিরাক

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তার আমলেই ফ্রান্সে চালু হয় ইউরোপের একক মুদ্রা ইউরো। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে আছেন। প্রেসিডেন্টের মেয়াদ সাত বছর থেকে কমিয়ে পাঁচ            বছর করে আলোচিত হয়েছিলেন তিনি।

জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতার শীর্ষে আরোহণ করেন। প্রথমবার ১৯৯৫ সালে এবং পরে ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০০৭ সাল পর্যন্ত একটানা দায়িত্ব পালন করেন। এর আগে প্রায় ১৮ বছর রাজধানী প্যারিসের মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি। ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। গত কয়েক বছর ধরে স্মৃতি হারানোর সমস্যায় ভুগছিলেন শিরাক। বৃহস্পতিবার জ্যাক শিরাকের মৃত্যুর ঘোষণা দেন তার জামাতা ফেডেরিক সালাত বারুয়াক্স। —বিবিসি