সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা আরো কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ৩৮৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন ৩৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দুই মাস আগে ২০ জুলাই ৩৯২ জন ডেঙ্গু রোগী চিকিত্সার জন্য সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালে চিকিত্সা নিতে আসা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০০র নিচে নেমে আসে গত শনিবার। ঐদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই সংখ্যা পরের তিন দিন বাড়লেও ৫০০ ছাড়ায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ৩৮৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীতে ১১৭ জন এবং রাজধানীর বাইরে ২৭১ জন। এই মুহূর্তে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী চিকিত্সাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক নারী চিকিত্সাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিত্সক। বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রোজিনা বেগম (২৫) নামের ঐ নারী মারা যান। রোজিনা বেগমের স্বামী মাঈন উদ্দিন স্বপন পেশায় একজন দর্জি। তারা নগরীর কর্নেলহাট বিশ্ব কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।