পূবাইলে নিজ বাড়িতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

বুধবার রাতে পূবাইল বসুগাঁও পূর্বপাড়া এলাকায় আবুল কালাম (৪০) ও তার স্ত্রী পুতুল বেগম (২৮) নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। এই দম্পতির সাফোয়ান নামের দুই বছরের একটি ছেলে আছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

জিএমপির পূবাইল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নূরুজ্জামান জানান, বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘরের ভেতর আবুল কালাম ও তার স্ত্রী পুতুলকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়, তাদের দুই জনের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পাশে মরিচের গুঁড়া পাওয়া গেছে।  তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত হত্যার রহস্য উদঘাটনসহ খুনি ধরা পড়বে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।