ইত্তেফাক রিপোর্ট
ভ্যাট (মূল্য সংযোজন কর) তথা রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে আইনগতভাবে রাজস্ব আদায় করবেন। কোনো প্রকার নির্যাতন-নিষ্পেষণের জায়গায় যেন আমরা না যাই। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন প্রাঙ্গণে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’- এ স্লোগানকে সামনে রেখে গতকাল সারা দেশে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি উদ্যাপন করছে এনবিআর।
তামাবিলের ঘটনার বিচায় চায় এনবিআর
সম্প্রতি সিলেটের তামাবিলে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মারধরের শিকার হন এনবিআরের কর্মকর্তারা। ওই ঘটনার নিন্দা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে আমাদের কাস্টমস কর্মকর্তাদেরকে বিজিবি’র সদস্যরা মারধর করেছে। তাদেরকে রক্তাক্ত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটির অবশ্যই প্রতিকার চাই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তার কাছে দায়ী ব্যক্তির বিচার চেয়ে লিখবো। কর্মকর্তাদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই সরকারকে কোনোভাবেই বিব্রত করা ঠিক হবে না। ভবিষ্যতে আর যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।