মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে ইজিবাইক চালক নজরুল ইসলামের (১৮) লাশ ও একটি তিন চাকার ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাইকারী ও চালক নজরুল হত্যার প্রধান আসামি নূর আলী ও জাহিদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নূর আলীর তথ্যমতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড়ো পাউলদিয়া মোল্লাবাড়ির পুকুর থেকে নজরুলের লাশ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে সিরাজদিখান বাজারসংলগ্ন সরদারপাড়া সিরাজের গ্যারেজ থেকে ইজিবাইকটিও উদ্ধার করা হয়। মৃত নজরুল ইসলাম উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামের ইদ্রিস আলীর পুত্র এবং আসামি নূর আলী খান একই উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের ইফাজ উদ্দিনের পুত্র ও আসামি জাহিদ হোসেন লতব্দী ইউনিয়নের কয়রাখোলা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
নিহত নজরুলের স্বজনরা জানান, বুধবার বিকালে নজরুল নুর আলি নামে একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে নুর আলীর বাড়িতে খোঁজ নিতে গেলে তাকে সেখানে পাওয়া যায়নি। পরে ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় নয়াগাঁও বাজার এলাকায় নজরুলের স্বজনরা নূর আলীকে সন্দেহবশত আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে নূর আলী অকপটে হত্যার কথা স্বীকার করে। তখন স্থানীয় ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দেন। এরপর পুলিশ আসামির তথ্যানুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম জানান, আসামির দেওয়া তথ্যানুযায়ী লাশ ও গাড়ি উদ্ধার করা হয়েছে। দুই জন আটক আছে। তাদের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার গাড়ি ছিনতাইকারী দলের আরো সদস্য জড়িত রয়েছে। তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।