রংপুর উপনির্বাচনে প্রয়োজনের দ্বিগুণ ইভিএম যন্ত্র

রংপুর-৩ আসনের উপনির্বাচন হবে আগামী ৫ অক্টোবর। এই উপনির্বাচনে সব কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিকল্প হিসেবে প্রতিটি বুথে রাখা হবে অতিরিক্ত একটি করে ইভিএম মেশিন। রংপুর-৩ আসনে ১৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পোলিং বুথ রয়েছে ১ হাজার ২৩টি। প্রতিটি বুথে একটি করে ইভিএম মেশিন প্রয়োজন হয়। প্রতিটি বুথের জন্য অতিরিক্ত আরো একটি করে ইভিএম মেশিন সেখানে রাখা হবে। ইভিএম মেশিনগুলো নিয়ন্ত্রণ করবেন সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। নির্বাচন কমিশনের এক সূত্রে এ তথ্য জানা গেছে। রংপুরের আঞ্চলিক নির্বাচন অফিসার জি এম সাহাতাব উদ্দিন ইত্তেফাককে জানান, ইতিমধ্যে ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনগুলো রংপুরে এসেছে। নির্বাচনী এলাকায় ভোটারদের উত্সাহ-উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার জন্য প্রচারণা চালাবে রংপুর নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর রংপুরের সকল ভোটকেন্দ্রের আশপাশের ভোটারদের ইলেক্ট্রনিক ভোটিং (ইভিএম) মেশিনে ভোট দেওয়ার পদ্ধতি শেখানো হবে। এরই অংশ হিসেবে ভোটের দুই দিন আগে আগামী ৩ অক্টোবর এ আসনের সব কেন্দ্রে দিনভর ইভিএমে ‘অনুশীলনমূলক’ ভোট দিতে পারবেন ভোটাররা।

এ বিষয়ে রংপুর নির্বাচন কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, রংপুর-৩ উপনির্বাচনের জন্য আমাদের ১ হাজার ২৩টি ইভিএম প্রয়োজন হবে। ব্যাকআপ হিসেবে প্রতি বুথে আরো একটি করে ইভিএম রাখা হবে। সেক্ষেত্রে সেখানে মোট ২ হাজার ৪৬টি ইভিএম মেশিন লাগবে।