ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজরা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে

 স্পোর্টস রিপোর্টার

টেস্টের মতো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। গত রবিবার পাঁচ উইকেটে হেরেছিল ক্যারিবিয়ানরা। সিরিজে ১-০ তে পিছিয়ে পড়া সফরকারী দল গতকাল আর অনুশীলনে আসেনি। গোটা দিনই বিশ্রামে কাটিয়েছেন রোভম্যান পাওয়েল-শিমরন হেটমায়াররা।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আবার মাঠে নামবে ওয়েষ্ট ইন্ডিজ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। প্রথম ম্যাচের ভুল শুধরে আজ দল হিসেবে ঘুরে দাঁড়াতে চায় ক্যারিবিয়ানরা। আজকের ম্যাচটি তাদের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। আজ হারলেই সিরিজ খোঁয়াবে তারা।

গত রবিবার আগে ব্যাট করে নয় উইকেটে ১৯৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৫.১ ওভারে পাঁচ উইকেটে ১৯৬ রান তুলে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ক্যারিবিয়ান ক্রিকেটার রোস্টন চেজ বলেছেন, সিরিজ এখনও শেষ হয়ে যায়নি। নিজেদের পারফরম্যান্সে উন্নতি আনতে হবে। শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তিনি।

প্রথম ওয়ানডের পর সংবাদ সম্মেলনে রোস্টন চেজ বলেছেন, ‘আমি মনে করি আমাদের ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে, আমাদের পরিকল্পনায় তাকাতে হবে এবং আমাদের দেখতে হবে কোথায় আমরা খারাপ করেছি এই ম্যাচে (প্রথম ওয়ানডে)। এবং সেখানে উন্নতি করতে হবে।’

সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ জিততেই আজ মাঠে নামবে উইন্ডিজরা। রোস্টন চেজ বলেছেন, ‘আমি কোনোভাবেই বলবো না সিরিজ শেষ হয়ে গেছে। আমরা শক্তভাবে ফিরে আসতে চাই। আমরা জানি সবাই চ্যালেঞ্জটার দিকে মুখিয়ে আছে। তাই আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

মিরপুরে রবিবার ক্যারিবিয়ানদের অনেক ব্যাটসম্যানই শুরু পেয়েছিলেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে তাদের। ১৭১টি ডট বল খেলেছেন শেই হোপ-স্যামুয়েলসরা। শেই হোপ ৫৯ বলে ৪৩, স্যামুয়েলস ৪৮ বলে ২৫, ড্যারেন ব্র্যাভো ৫১ বলে ১৯ রান করেছেন। শেষ দিকে রোস্টন চেজের ৩২, কেমু পলের ৩৬ রানেই দুইশ ছুঁইছুঁই স্কোর পেয়েছিল উইন্ডিজরা।

রোস্টন চেজ বলছেন, ইনিংসের শুরুতে ও মাঝের ওভারগুলোর আরো বেশি রান তোলার দিকে নজর দিতে হবে। তিনি বলেছিলেন, ‘মাঝের ওভারে আমাদেরকে ব্যাটিংয়ে আরো ইন্টেন্ট দেখাতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় যেমন শুরুতে এবং মাঝের ওভারগুলোতে রান করার চেষ্টা করতে হবে।’