বিনোদন রিপোর্ট
গত প্রায় ২ মাস ধরে যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে একাধিক স্টেজ শো করছে দেশের শীর্ষ ব্যান্ডদল মাইলস। বর্তমানে পুরো ব্যান্ডদল রয়েছে কানাডায়। অন্যদিকে কয়েক বছর ধরেই প্রবাসে রয়েছেন এদেশের বরেণ্য সংগীত পরিচালক ব্যান্ড তারকা আশিকুজ্জামান টুলু। পরিবারসহ কানাডা অবস্থান করছেন তিনি। এরই ভেতরে আশিকুজ্জামান টুলুর দুই সন্তানই তাদের পড়াশোনার পাশাপাশি গানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। টুলু কন্যার গানও প্রকাশ পেয়েছে এরইমধ্যে। একইসঙ্গে মাইলসের অন্যতম সদস্য মানাম আহমেদের ছেলে জারিফও থাকেন কানাডায়। স্বাভাবিকভাবে বাবার হাঁটা পথে জারিফও মিউজিকে রয়েছেন। জারিফ লিড গিটার বাজান, অন্যদিকে টুলুপুত্র নাওয়ার কি-বোর্ড বাজান। তাই বরেণ্য বাবারা তাদের পুত্রদ্বয়কে নিয়ে ছবি পোস্ট দিলেন সম্প্রতি। আশিকুজ্জামান টুলুর ওয়ালেই ছবিটি যেন ভালোবাসার স্বাক্ষী হয়ে রইল। আশিকুজ্জামান টুলুর সঙ্গে মানাম আহমেদের নিবিড় সম্পর্কের কথাগুলোও লেখেন ফেসবুকে। দীর্ঘ প্রবাস যাপনের মাঝে নিজের পুরোনো বন্ধুকে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত আশিকুজ্জামান টুলু। ছবিতে তারই আনন্দমুহূর্ত দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আশিকুজ্জামান টুলু ও মানাম আহমেদ দু’জনই তাদের কম্পোজিশনে অগণিত গান দিয়েছেন আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিকে। আমাদের দেশের ব্যান্ড তারকা থেকে শুরু করে আধুনিক গানের শিল্পীদের একক বা মিক্সড অ্যালবামে অবধারিত নাম ছিল মানাম-টুলু।