আলমডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ, অভিযুক্ত পলাতক

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি শ্যালো মেশিন ঘরে তাকে ধর্ষণ করা হয়। গুরুতর আহতাবস্থায় ঐ ছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছে ধর্ষক আহম্মেদ আলী। ধর্ষক আহম্মদ আলী পাইকপাড়া গ্রামের মারফত আলীর ছেলে। তাকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু জানান, রাত ১২টার দিকে আমরা ঐ ছাত্রীটিকে ভর্তি করে নেই। গতকাল শুক্রবার হাসপাতালের গাইনি কনসালটেন্ট তার পরীক্ষা-নিরীক্ষা করেন। এদিকে পাইকপাড়া গ্রামে ছাত্রী ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তারা ঘটনার পরই ধর্ষক আহম্মেদ আলীকে আটকের চেষ্টা করলে তার আগেই সে গ্রাম ছেড়ে পালিয়ে যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি জানান, ধর্ষককে গ্রেফতারে আমরা এরই মধ্যে অভিযান শুরু করেছি। খুব শিগগিরই ধর্ষককে আইনের আওতায় আনা হবে।