বালু উত্তোলনের দায়ে তিন জনের জরিমানা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলনের দায়ে তিন মেশিন চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাটমুড়া গ্রামের আলমগীর হোসেনের ড্রেজার মেশিন ভাড়া করে আব্দুর রহমান মজুমদার বালু উত্তোলন করছে, খবর পেয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস করাসহ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মেশিন চালক জামাল হোসেন, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। ড্রেজার মেশিনের মালিক আলমগীর সহকারী কমিশনার ও পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালিয়ে যায়।