তালায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় নিজ দুই ছেলের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছেন অসহায় বাবা। তালা উপজেলার আটারই গ্রামের আব্দুল বারী গাজী তার দুই ছেলের বিরুদ্ধে বৃহস্পতিবার সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম তালা কৃষি অফিসারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আব্দুল বারী গাজী জানান, তার ২২ বিঘা সম্পত্তির মধ্যে প্রায় পাঁচ মাস আগে ১০ ছেলে চার মেয়ে ও দুই স্ত্রীকে সমানভাবে বণ্টন করে দেন। এ সময় নিজের নামে এক বিঘা সম্পত্তি রেখে দেন তিনি। ঐ এক বিঘা সম্পত্তি লিখে না দেওয়ায় দুই ছেলে ইয়াছিন গাজী ও রিয়াজুল হক গাজী তাকে মেরে ফেলার হুমকি প্রদান ও অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে। এরপূর্বে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ তিনি সাতক্ষীরার আদালতে মামলা দায়ের করেছেন।