কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা শহর এবং শহর থেকে ক্যাম্পাসে রাতের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেশিরভাগ শিক্ষার্থী শহরে টিউশন করে রাতের বাসে ক্যাম্পাসে ফিরে। কিন্তু দীর্ঘদিনের দাবি সত্ত্বেও প্রশাসন থেকে বাস বাড়ানো হচ্ছে না। অবিলম্বে প্রশাসনকে বাস বাড়াতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামালউদ্দিন বলেন, শিক্ষার্থীদের বাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সংবাদ শুনেছি। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা সচেষ্ট। শুক্র ও শনিবার দুই দিন বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক বন্ধ। রবিবার আমরা বাস বৃদ্ধির ব্যাপারে উপাচার্যের সঙ্গে আলোচনা করব।