চৌগাছায় লাম্পাই স্কিন ডিজিজে মারা যাচ্ছে গরু

আতঙ্কে খামারিরা

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছায় লাম্পাই স্কিন ডিজিজ নামের রোগে আক্রান্ত হয়ে গরু মারা যাচ্ছে। নতুন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে গ্রামাঞ্চলের সাধারণ গরু পালনকারীসহ খামারিরা আতঙ্কের মধ্যে রয়েছেন। উপজেলার কয়াপাড়া গ্রামের রমজান আলী জানান, তার খামারে নয়টি গরু আছে। এর মধ্যে পাঁচটি এই রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে লক্ষাধিক টাকার একটি গাভি মারা গেছে। একই গ্রামের রিজাউল ইসলাম জানান, তিনি সম্প্রতি বাজার থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি বলদ বাছুর কেনেন। কয়েকদিনের মধ্যে বাছুরটির গায়ে গুটি বসন্তের মতো ফোলা ফোলা গুটি হয়। পরে চামড়ায় পচন ধরে। গত ২১ সেপ্টেম্বর বাছুরটি মারা গেছে। ইছাপুর গ্রামের নজরুল ইসলাম জানিয়েছেন, একইভাবে তার একটা বলদ গরু মারা গেছে। তবে অনেকেই জানিয়েছেন, তাদের খামারে আক্রান্ত গরু চিকিত্সায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী জানান, এই রোগের নাম দেওয়া হয়েছে লাম্পাই স্কিন ডিজিজ। এটা একটা সম্পূর্ণ নতুন এবং ভাইরাসজনিত রোগ। তিনি আরো জানান, উপজেলায় প্রায় ২ হাজার গরু লাম্পাই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।