সংবাদ সংক্ষেপ

কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের তৃতীয়

মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৩য় মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় স্মরণ করেছে তার জন্মভূমি কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কবির সমাধী চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, আলোচনাসভা ও কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুলেল শ্রদ্ধা জানায় তার সমাধিতে। পরে জেলা প্রশাসন স্বপ্নকুঁড়ি মিলনায়তনে কবির লেখা ও জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএম আব্রামহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

 ভোলায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক সভা

ভোলা (উত্তর) প্রতিনিধি কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্য নিয়ে ভোলায় তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ভোলা প্রেসক্লাবের হলরুমে এর আয়োজন করা হয়। এতে তারুণ্যের কণ্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেনের সভাপত্বিতে উপস্থিত ছিলেন তারুণ্যের কণ্ঠস্বর-প্লাটফর্মের সদস্য সাদ্দাম হোসেন প্রিন্স, আব্দুল্লাহ নোমান, জান্নাতুল আইরিন প্রমুখ।

কিশোরগঞ্জে জলবায়ু ইস্যুতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস গ্রুপের সদস্যরা জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরি সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায়ী দেশসমূহের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে শুক্রবার ‘বৈশ্বিক জলবায়ু ধর্মঘট’ পালন করে। এ উপলক্ষ্যে দুপুরে শহরের কালীব্রিজ সংলগ্ন চত্বরে সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সনাক সদস্য অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, অধ্যাপক শাকিলা মাহমুদা, স্বজন সদস্য গাজী মহিবুর রহমান প্রমুখ।

জলবায়ু সহনশীল প্রযুক্তিভিত্তিক জ্ঞান বিনিময় কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষ্যে প্রজন্ম থেকে প্রজন্ম জলবায়ু সহনশীল প্রযুক্তিভিত্তিক জ্ঞান বিনিময় কর্মশালা বৃহস্পতিবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। উপজেলার পদ্মা গ্রামের প্রযুক্তি শিখন কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন সিসিডিবির ঢাকা অফিসের ম্যানেজার (মনিটরিং) জয়ন্ত ঘোষ ও পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারায় শুক্রবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে, কুষ্টিয়া সিভিল সার্জন রওশন আরা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।

রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়নের কড়ইতলি থেকে রায়কালী ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইফ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উদ্বোধন শেষে আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা চত্বরে উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী প্রমুখ।

বিনা মূল্যে চক্ষু চিকিত্সাসেবা প্রদান

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলায় বৃহস্পতিবার টাটা ডিজিটাল ডায়াগনস্টিক কনসালটেশন অ্যান্ড ক্লিনিকের ব্যবস্থাপনা ও ঢাকার লালমাটিয়ার আল-নূর চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন টাটা ডিজিটাল ডায়াগনস্টিক কনসালটেশন অ্যান্ড ক্লিনিকের পরিচালক একেএম আহসান হাবীব রাজা, মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন রঞ্জু ও আসাদুজ্জামান আসাদ। চিকিত্সা সেবার কাজে নিয়োজিত ছিলেন হিউম্যান রিসোর্স (এইচআর) ম্যানেজার মো. নূরুজ্জামান, টাঙ্গাইল মক্কা চক্ষু হাসপাতালের ডা.আব্দুর রহমান প্রমুখ।

গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ায় মাসুদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পৌরসভাধীন বিশ্বরোড এলাকায় মাদক বিক্রির সময় তাকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। মাসুদ হোসেন উপজেলার বুরগী গ্রামের সামছুল হকের ছেলে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা হয়েছে।

নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে জেলা প্রশাসন শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত্ হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে পর্যটন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ঘোড়াদিঘীতে নৌকাবাইচ হয়।

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শুক্রবার বরগুনায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুব আলম, বরগুনা প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন শীল প্রমুখ।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সিমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সিমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. সহিনুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মো. আল মামুন খান, মো. সেলিম আল মামুন, মো. ফরহাদ হোসেন প্রমুখ।

রায়পুরে চরপাতা ইউনিয়ন আওয়ামী

লীগের সম্মেলন অনুষ্ঠিত

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চরপাতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। সম্মেলনে ২৪১ জন কাউন্সিলর, ৪ শতাধিক ডেলিগেটর এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মীর উপস্থিততে প্রধান অতিথি কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জুয়েলকে করা হয়।

চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট আব্দুল মান্নান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দর বাবুল পাঠান, আওয়ামী লীগ নেতা এডভোকেট মিজানুর রহমান মুন্সী প্রমুখ।

 

 

০