আফগানিস্তানের হেড কোচ ক্লুজনার

বাংলাদেশ সফর শেষে দেশে ফিরেই নতুন কোচ নিয়োগ দিয়েছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ্বকাপের পর পদত্যাগ করা ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হলেন ক্লুজনার। নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে গতকাল এসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘ল্যান্স ক্লুজনার ক্রিকেট বিশ্বের প্রখ্যাত নাম, তার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের জন্য অনেক কার্যকরী হবে।’ আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরই হবে ক্লুজনারের প্রথম অ্যাসাইনমেন্ট। কোচ হিসেবে ক্লুজনার আইপিএল, দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ও জিম্বাবুয়ে জাতীয় দলের  সঙ্গে বিভিন্ন পদে কাজ করেছেন। রশিদ খান-মুজিবদের সঙ্গে কাজ মুখিয়ে এখন সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার। ক্লুজনার বলেছেন, ‘ আফগান ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে  মুখিয়ে আছি। কারণ তাদের দলে  বিশ্বের অন্যতম সেরা কিছু ক্রিকেটার আছে।’