বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছিলেন। গতকাল শুক্রবার মহানগর নাট্যমঙ্গে এক সমাবেশে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এটি কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। বাংলাভাই ও শায়খ আবদুর রহমান বিএনপি-জামায়াত শাসনামলে জন্ম নিয়েছিল। বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশের আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত শাসনামলে জঙ্গিরা একই সময়ে দেশের ৫০০টি স্থানে এবং বিভিন্ন আদালত প্রাঙ্গণে বোমা হামলা চালিয়েছিল। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের মদদে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এই মাটি থেকে সম্পূর্ণভাবে জঙ্গিবাদ নির্মূল করা না গেলেও আওয়ামী লীগ সরকার শক্ত হাতে এর মোকাবিলা করে যাচ্ছে। ইসলামী দলগুলো যদি জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলে এবং বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করে তাহলে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব হবে।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। এর আগে মন্ত্রী দৈনিক সমকাল অফিসে এক অনুষ্ঠানে যোগদান করেন।