টিআইবি’র এডিস মশা নিয়ন্ত্রণ বিষয়ক প্রতিবেদনে আইইডিসিআর সংক্রান্ত অংশের প্রতিবাদ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ‘ঢাকা শহরে এডিস মশা নিয়ন্ত্রণে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে আইইডিসিআর সংক্রান্ত অংশের প্রতিবাদ জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। গতকাল শুক্রবার এক লিখিত বিজ্ঞপ্তিতে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রতিবাদ জানান।

বলা হয়, আইইডিসিআর নিজস্ব পরীক্ষাগারে বায়ো অ্যাফিকেসি পরীক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশিত প্রয়োজনীয় পদ্ধতি অনুসরণ করে। ‘মশারির মধ্যে ফগিং করে পরীক্ষা করা হয়’— এমন বক্তব্য উদ্ভট এবং বানোয়াট। কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত তথ্য মিথ্যা এবং অমূলক।

আইইডিসিআর কোনো কোম্পানী কর্তৃক সরাসরি প্রেরিত কীটনাশক পরীক্ষা-নিরিক্ষার জন্য গ্রহণ করে না। পরীক্ষার জন্য উদ্ভিদ সংরক্ষণ বিভাগ/ সিটি করপোরেশন/ ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক প্রেরিত নমুনা কোড নম্বর এর মাধ্যমে মাসকিং পদ্ধতিতে পরীক্ষা করা হয়। এই পদ্ধতিতে কোনোভাবেই কোম্পানি বা সংস্থার নাম জানা সম্ভব নয়। অতএব নিয়ম বহির্ভূতভাবে অর্থের মাধ্যমে সনদ প্রদান কিংবা পরীক্ষা না করে প্রতিবেদন দেওয়া সংক্রান্ত প্রকাশিত বক্তব্য সর্বৈব মিথ্যা এবং আইইডিসিআর এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। চিকিত্সক দিয়ে কীটনাশক পরীক্ষা করা যাবে না এ রকম বক্তব্যও গ্রহণযোগ্য নয়।