শাবিতে জাতীয় ‘মেকনোভেশন’ শুরু

শাবি সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে শাবিতে প্রথমবারের মতো জাতীয় ‘মেকনোভেশন’ অনুষ্ঠান শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান ২৭ ও ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এবং একাডেমিক ভবন ‘এ’-তে অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’  থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা। যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়।  শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠানের কনভেনার স্কুল অব এপ্লাইড সাইন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মো. মোকাদ্দেসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি বলেন, আমাদের গতানুগতিক লেখাপড়ায় মনোনিবেশ না করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। উদ্ভাবনের ক্ষেত্রে শাবি বর্তমানে অন্যতম স্থান অধিকার করেছে। তবে আমাদের দেশের মধ্যে সেরা হয়ে সন্তুষ্ট থাকলে হবে না। আমাদের উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী তুলে ধরার চেষ্টা করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মুহসিন আজিজ খান। অন্যদের মধ্যে প্রভাষক মো. নুরুজ্জামান সাকিব, প্রভাষক নাফিজা আনজুমসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিযোগী উপস্থিত ছিলেন।