সবার পরামর্শে রংপুরের উন্নয়ন করব :সাদ এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর ৩ আসনের উপনির্বাচনে জয়ী হলে ঢাকায় নয় রংপুরে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এরশাদপুত্র রাহগীর আল-মাহি সাদ। তিনি বলেছেন, ‘আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। তার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের পরামর্শে কাজ করব। শুক্রবার বেলা ১২টায় রংপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সাদ এরশাদ এসব কথা বলেন।

 রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ সমর্থিত সাদ এরশাদ বলেন, ‘ভোটে জিতলে রংপুরে থেকে আপনাদের কাছ থেকে সমস্যার কথা শুনব। সংসদে সমস্যা নিয়ে কথা বলব। চেষ্টা করব ঢাকার চেয়ে রংপুরে বেশি সময় দিয়ে জনসেবা করার জন্য। ‘মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতী, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক এস.এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মুনসি আব্দুল বারী, যুবনেতা জাকির হোসেন শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।