মিরপুরে মাশরাফির শেষ আজ?

দুই দলের কারোরই গতকাল বাধ্যতামূলক অনুশীলন ছিল না। তারপরও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারেরই দেখা মিললো। বেশ সিরিয়াস হয়ে অনুশীলন করলেন মুস্তাফিজ, সৌম্য, ইমরুলরা। তাদের দেখে বোঝা কঠিন যে, এই সিরিজটায় বাংলাদেশই এখন পর্যন্ত এগিয়ে থাকা দল।

হ্যাঁ, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। সেই সিরিজটা আজই জিতে ফেলার সুযোগ এবার বাংলাদেশের সামনে। আর এই সুযোগ নিতে আজ দুপুর ১টা থেকে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর; সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় এখন আর বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। মাত্র কয়েক মাস আগে সেখানে সফরে গিয়েও সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। এখন বরং স্বাগতিক দলের চোখ প্রতিটা ম্যাচ জিতে বিশ্বকাপের প্রস্তুতি ভালো করার দিকে। প্রতিটা ম্যাচ জেতার পাশাপাশি আজ আরেকটা উপলক্ষ আছে—আজকের ম্যাচটি হতে পারে মিরপুরে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ।

মাশরাফি ইতোমধ্যে আভাস দিয়েছেন যে, বিশ্বকাপের পর আর ক্রিকেট খেলবেন না। যদিও বলেছেন, ফিট থাকলে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনাও করতে পারেন। তারপরও ধরে নেওয়া হচ্ছে ২০১৯ বিশ্বকাপ দিয়েই ক্রিকেটকে বিদায় বলবেন মাশরাফি। বিশ্বকাপের আগে এবং আজকের পরে মিরপুরে আর বাংলাদেশের কোনো ওয়ানডে ম্যাচ নেই। সে ক্ষেত্রে আজকের ম্যাচটিই ‘হোম গ্রাউন্ডে’ বাংলাদেশের সর্বকালের সফল এই অধিনায়কের শেষ ম্যাচ হয়ে যেতে পারে। সতীর্থরা নিশ্চয়ই মাশরাফিকে একটা জয় দিয়েই মিরপুর থেকে বিদায় দিতে চাইবেন। 

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। দলের কিছু সূত্র জানালো, কোনো পরীক্ষা নীরিক্ষা করতে চাইলে সেটা তৃতীয় ম্যাচে হতে পারে। তবে আজ যেহেতু সিরিজ জয় করাটাই প্রথম লক্ষ্য, তাই আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনতে চায় না ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে আগের ম্যাচের মতোই চার ওপেনার ও তিন পেসার দেখা যাবে একাদশে। এর মধ্যে ইমরুল কায়েস আগের দিন তিন নম্বরে নেমেছিলেন। আজ তিন নম্বরে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। ইমরুলকে হয়তো আরেকটু নিচে পাঠিয়ে দেওয়া হতে পারে।