মাওয়া মত্স্য আড়ত থেকে জেলিযুক্ত ২৫০ কেজি চিংড়ি জব্দ, পাঁচ জনের জেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

লৌহজং উপজেলার মাওয়া মত্স্য আড়ত্ থেকে জেলিযুক্ত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি বাগদা চিংড়ি আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র্যাবের ১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে চিংড়িসহ পাঁচ জনকে আটক করা হয়। পরে লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদ্ধ পাঁচ জনকে এক মাসের জেল দেন।

অভিযুক্তরা হচ্ছেন—শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)। এদের প্রথম চারজন লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল ও শেষের জন ঝাউটিয়া গ্রামের বাসিন্দা। আটক জেলিযুক্ত চিংড়ি উপজেলা মত্স্য কর্মকর্তা (অঃ দাঃ) ইদ্রিস আলীর নেতৃত্বে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।