টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা মাদক কারবারি এবং ময়মনসিংহে ১৫ মামলার এক আসামি ‘বন্দুকযুদ্ধে’  নিহত হয়েছে। টেকনাফে বিজিবির সঙ্গে এবং ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, নাফ নদীর কিনারায় মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে বিজিবি জওয়ানদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে তিন জন বিজিবি সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা, লম্বা বন্দুক, বুলেট ও কিরিচসহ গুলিবিদ্ধ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়। বন্দুকযুদ্ধে নিহতরা মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার বুড়া সিকদার পাড়ার মোস্তাকের পুত্র দিল মোহাম্মদ (২১) ও দিল মোহাম্মদের পুত্র দোস্ত মোহাম্মদ (১৯) বলে রোহিঙ্গা ক্যাম্পের একাধিক সূত্র জানায়।

অন্যদিকে ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল করিম (৪৫) নামে মাদকসহ ১৫ মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত ব্যক্তি তারাকান্দা উপজেলার নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গত শুক্রবার রাতে জেলার তারাকান্দা মোকামিযাকান্দা এলাকায় মাদক বিক্রেতারা অবস্থান করছে এমন গোপন সংবাদে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদকবিক্রেতারা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করলে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল করিমকে দেখা যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল করিমের বিরুদ্ধে ১৩টি মাদকের মামলাসহ ১৫টির বেশি মামলা আছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান।