বাঘায় র্যাব পরিচয়ে দুই ভাইকে অপহরণ পরে উদ্ধার

বাঘায় নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে র্যাব পরিচয়ে অপহূত দুই ভাইকে উদ্ধার করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তাদের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ এক পৌর কাউন্সিলরসহ তিন জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া দুই ভাই হলেন—বাঘার সুলতানপুর গ্রামের বাদশা আলমের দুই ছেলে রহিম (৩০) ও রুবেল (২৫)।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাজশাহী থেকে দুই লাখ টাকা দিয়ে নতুন মোটরসাইকেল কিনে দুই ভাই বাড়ি ফিরছিল। তারা কলিকগ্রাম সড়কঘাট এলাকায় পৌঁছলে এমদাদুল হকের ছেলে পলাশসহ তিন যুবক র্যাব পরিচয়ে তাদের পথরোধ করে। নতুন মোটরসাইকেল, নগদ ৫ হাজার টাকা ও  দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুই ভাইকে পার্শ্ববর্তী মশিদপুর এলাকায় পৌর কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়িতে আটকে মারধর করে। পরে দুই ভাইয়ের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা তাদের বোন মর্জিনা বেগমের কাছে ফোন করেন। বোনের কাছে মিনহাজুল ইসলাম নামে এক বিকাশ ব্যবসায়ীর নম্বর দিয়ে দুই লাখ টাকা চায়। মর্জিনা বেগম ঐ রাতে বাঘা থানা পুলিশের কাছে যায়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম ঘটনা শোনার পর ঐ বিকাশ নম্বর শনাক্ত করে টেলিকম বিকাশ ব্যবসায়ী মিনহাজুলকে খুঁজে বের করেন। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক মশিদপুর গ্রাম থেকে কাউন্সিলর মোশারফ হোসেনের বাড়ি থেকে মোটরসাইকেলসহ অপহূত দুই ভাইকে উদ্ধার করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় নেশাগ্রস্ত কাউন্সিলর মোশারফ হোসেন, আলি হোসেন ও  বিকাশ ব্যবসায়ী মিনহাজুলকে  গ্রেফতার করেছে।