তিনি হিরো আলম নামে তিনি পরিচিত। তবে তার নাম মো. আশরাফুল হোসেন আলম। একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র নেন। কিন্তু যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং অফিসার। বাতিলের ওই সিদ্ধান্ত বহাল রাখে ইসি। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে হাইকোর্ট হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দেয়। গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। হিরো আলম ছাড়াও আরো ১৫ জনের মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছে আদালত। সংশ্লিষ্ট প্রার্থীদের একাধিক আইনজীবী এ তথ্য জানান।
আদেশের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতে যে ন্যায় বিচার পাওয়া যায় তা প্রমাণিত হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম। আমি এখন খুব খুশি। জাতীয় পার্টি (জাপা) থেকে বগুড়া-৪ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু সবুজ সংকেত না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। এতে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর সম্বলিত তালিকাও দাখিল করেন তিনি। কিছু স্বাক্ষর জালের অভিযোগে গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এর বিরুদ্ধে আপিল করলে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কাউছার আলী।