ক্যাসিনো ব্যবসায়ী আর জুয়াড়িদের বিরুদ্ধে সরকার লোক দেখানো অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বর্তমান সরকার রহস্যজনক কারণে গত ১০ দিন আগে ক্যাসিনো, জুয়া এবং মাদকবিরোধী অভিযান শুরুর পর আমরা বলেছিলাম লোক দেখানোর জন্য এসব করা হচ্ছে। সেটাই এখন বাস্তব হচ্ছে। ক্রমেই হাস্যকর হয়ে উঠেছে এই কথিত অভিযান। ঢাকঢোল বাজিয়ে কয়েকটা চুনোপুঁটি আটকের পর এখন মন্ত্রীরা বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত। অথচ এখনো মূল অপরাধীরা অধরাই রয়ে গেছে। এই দেশ বেশি দিন অনাচার-অবিচার-দুর্নীতি সহ্য করেনি। এদের ভয়াবহ পরিণতি এগিয়ে আসছে। গতকাল শুক্রবার রাতে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে রিজভী এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে এই বিক্ষোভ মিছিল হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাকরাইলের নাইটিংগেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্যদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল, যুবদলের ঢাকা দক্ষিণের সেক্রেটারি গোলাম মাওলা শাহিন, মোর্শেদ আলমসহ কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।