চলছে ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ -এর দ্বিতীয় অধ্যায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প’ বা ‘আইডিয়া প্রকল্প’ এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী ভাবনা ও উদ্যোক্তা খোঁজার আয়োজন ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ প্রতিযোগিতার দ্বিতীয় অধ্যায়। দেশের অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখতে যাদের উদ্ভাবনী পরিকল্পনা আছে এমন তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের উদ্যোগগুলোর সঠিক বাস্তবায়নের জন্য ফান্ডিং করাই হলো এ আয়োজনের মূল লক্ষ্য।

গত ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে আইডিয়া প্রকল্পের মাধ্যমে আয়োজিত ‘স্টুডেন্ট টু স্টার্টআপ : চ্যাপ্টার টু’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি দেশের সব শিক্ষার্থীকে এ প্রতিযোগিতায় অংশ নিতে অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আয়োজিত হয় ‘স্টুডেন্ট টু স্টার্টআপ’ এর দ্বিতীয় অধ্যায়ের ক্যাম্পাস পিচিং পর্ব।

একই সঙ্গে, আগামী ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখ মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), ২ অক্টোবর ২০১৯ তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ) এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ঢাকা)-এ উক্ত প্রতিযোগিতার ক্যাম্পাস পিচিংয়ের পরিকল্পনা আছে। উল্লেখিত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্টার্টআপদের ক্যাম্পাস পিচিংয়ের মাধ্যমে অঞ্চলসমূহের প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে।

অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করতে হবে- www.s2s.startupbangladesh.gov.bd এছাড়া নিবন্ধনের লিংকটি স্টার্টআপ বাংলাদেশের ওয়েবসাইটেও (www.startupbangladesh.gov.bd) পাওয়া যাবে। ২৫টি ভেন্যুর সময়সূচি bit.ly/s2s2bd -এ পাওয়া যাবে

রেজিস্ট্রেশন করা যাবে প্রতিটি ভেন্যুর জন্য নির্ধারিত তারিখের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত।