শাকরা আর এ উচ্চ বিদ্যালয়
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
ভ্রাম্যমাণ দোকানের চটপটি খেয়ে শনিবার শাকরা আর এ উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে ২৬ জনকে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঐদিন সকালে বিদ্যালয়ের আঙিনায় ভ্রাম্যমাণ চটপটির দোকান থেকে ফুচকা ও চটপটি খেয়ে ক্লাসে যায় শিক্ষার্থীরা।
ঘণ্টা খানেক পর ছাত্রী শিমু আক্তার পেট ব্যথা, বমি ভাব ও বুক জ্বালা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে আসে। এর পরই এক এক করে অন্য ছাত্রীরা একই উপসর্গ নিয়ে ক্লাস থেকে বের হতে থাকে। পরে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী তাদের লাকসাম সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে চটপটি বিক্রেতা আবদুল হক, ইসমাইল হোসেন ও রাব্বি মিয়া পালানোর চেষ্টা করলে ছাত্র-শিক্ষকসহ এলাকাবাসী তাদের আটক করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদউল্যাহ বলেন, ছাত্রীরা বাইরের চটপটি ও ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলী জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে ছাত্রীরা অসুস্থ হয়েছে। তবে আশঙ্কার কিছু নেই।