পাকিস্তানের কোচ হবেন না আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার

তার সতীর্থ মিসবাহ-উল-হক এখন পাকিস্তান দলের অধিনায়ক। কিন্তু শহীদ আফ্রিদি এখনো ক্রিকেট খেলছেন। আবুধাবিতে টি-টেন লিগের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই সময়ে প্রশ্ন এসেছিল, মিসবাহর পথ ধরে তিনিও কী একদিন পাকিস্তানের কোচ হতে চান কি না। আফ্রিদি বলেছেন, বয়সভিত্তিক দলের কোচিং হয়তো তিনি করাতে পারেন। কিন্তু জাতীয় দলের কোচিং করানোর মতো ‘মেজাজ’ তার নেই বলেই জানিয়ে দিয়েছেন এই সাবেক পাকিস্তান অধিনায়ক।

নভেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগে কালান্দার্সের হয়ে খেলবেন আফ্রিদি। সেখানে খেলা নিয়ে আফ্রিদি বলছিলেন, তিনি এখনো খেলার মতো ফিট আছেন এবং খেলাটা উপভোগ করছেন, ‘আমি যদি এই ফরম্যাট খেলার মতো অবস্থায় না থাকতাম, তাহলে এখানে খেলতাম না। আমি ফিট আছি এবং খেলা উপভোগ করছি। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কখনো আমি সফল হই, কখনো হই না।’

জাতীয় দলের নতুন কোচ মিসবাহকে নিয়ে কথা বলতে গিয়ে আফ্রিদি বলছিলেন, নতুন এই কোচের অন্তত তিন বছর সময় লাগবে গুছিয়ে নিতে, ‘মিসবাহর কাঁধে এখন অনেক বড়ো দায়িত্ব। তাকে ফল দিতেই হবে। আমি সত্যিই মনে করি, পাকিস্তান ক্রিকেটে যে পরিবর্তন এসেছে, সেটা দুই বা তিন বছর ধরে রাখতে হবে। মিসবাহকে সবকিছু ঠিক করতে অন্তত তিন বছর সময় দেওয়া উচিত।’

এই প্রসঙ্গেই প্রশ্নটা এলো যে, তিনি নিজেও একদিন পাকিস্তানের কোচ হতে চান কি না? আফ্রিদি নেতিবাচক উত্তরই দিয়ে বললেন, ‘জাতীয় দলে কোচ হওয়ার মতো টেম্পারমেন্ট আমার নেই। আর সবচেয়ে বড়ো কথা আমি এখনো ফিট আছি। ফলে আমার এখনো মনোযোগ খেলার দিকে। আমি আমার দলের জন্য সেরাটা দিতে চাই।’

তবে এরপরই আফ্রিদি বলেছেন, বয়সভিত্তিক দলগুলোর দায়িত্ব পেলে সেটা হয়তো একসময় নিতে রাজি হবেন তিনি, ‘আমি অনূর্ধ্ব-১৮ বা ১৯ দলের তরুণদের কোচিং করাতে হয়তো একসময় আগ্রহী হব। এই বয়সে আসলে কোচিং দরকার হয়। আমি ওদের আমার নিজের গল্প বলতে চাই, বিশেষ করে কঠিন ম্যাচে আমি কীভাবে চাপ সামলাতাম। এইভাবে আমি আমার অভিজ্ঞতাটা ওদের হাতে তুলে দিতে পারব।’